ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই নীল নকশা তানিয়া বখ্শ

নীল নকশা

খাঁজকাটা জোছনায় ভেসে যাচ্ছে চরাচর, যাক
দুঃখ করি না। আমি অন্ধকারকে ভালোবেসে
সাজিয়েছি জীবনের হরিৎ সময়!
কাঁচের গেলাসে নীল বিষ পান করে নীলকণ্ঠ হতে
না পারি, জঠরে শূন্যতা নিয়ে তবু তো বেঁচে থাকি!
এভাবেই আঁকি জীবনের রং।
ধারণ ক্ষমতার চেয়ে বেশি কিছু থাকে না জীবনে
সেই জীবনের নকশা আজ নিজের কাছে,
ফেনায়িত ঢেউয়ে ভেসে যাবো আদিগন্ত জুড়ে
বিবর্ণ মেঘ আর পারবে না ছুঁতে আমায়, কেননা
আমিই বুঝেছি এক ধূম্রজাল নিজেকে নিয়েই।