ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই প্রতীক্ষার পোস্টকার্ড তানিয়া বখ্শ

প্রতীক্ষার পোস্টকার্ড

প্রচ্ছন্নবোধের আঙ্গিকে
কী এক প্রাঞ্জল ভাষা গুনগুনিয়ে
শুনিয়ে যায়—আকাশে মেঘের সারগাম।
যে সুরে ঘুণেঘেরা সামাজিকতায়
নেমে আসে বিষণ্ণ বিকেল, আমি
সেই শোকে আক্রান্ত হই।
চলিষ্ণু রাঁজহাসের গ্রীবার মতো
তুমি কি কখনও তাকিয়েছো দিগন্তে?
দিগন্তে মেলায় সূর্য, চাঁদ ওঠে তারও
পরে—ঝিনাই নদীটির তীর ঘেঁষে।
সতৃষ্ণ ব্যাকুলতায় চেয়ে থাকি
ঢেউ ভাঙার শব্দ শুনি হৃদয়ের তন্ত্রীতে।
সেই সাথে ভেঙে যায় স্বপ্ন
ভেঙে যায় তন্দ্রার সখ্য
অতঃপর
ভোর আসে
আর একটি
প্রতীক্ষার পোস্টকার্ড নিয়ে!