ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই বাস্তবতা তানিয়া বখ্শ

বাস্তবতা

নরম পালকে মুখ গুঁজে থাকে
অভিমানী কবুতর,
চাঁদের আলোয় ম্লান হয়ে যায়
ঘাসের সবুজ।
ঘরহারা মন ভাঙা চাতক পাখিটি
তৃষ্ণায় বাড়ায় হাত তবু
চাঁদেরই কাছে!
(সব নদীরই গন্তব্য যেমন
সমুদ্রতেই শেষ হয়!)
সমস্ত অন্ধকারেরই বুঝি থাকে
আলোকিত দরোজা, ভোর আসে...
শুধু ঘুম ভাঙে না এই স্বপ্নাতুর মনের—জানে
ঘুম ভাঙা মানেই নিশ্চিত পতন
সূর্যালোকের মতোই সত্য
কঠিন পাথরে!!