ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই বিষণ্ণ সন্ধ্যায় উদ্বিগ্ন দুটি চোখ তানিয়া বখ্শ

বিষণ্ণ সন্ধ্যায় উদ্বিগ্ন দুটি চোখ

নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার অনেক পরে
আমি পা রাখলাম ধূলোর চত্বরে।
অথচ তোমার চোখ কেমন নিস্তরঙ্গ
সাধারণ কুশল বিনিময়!
আমি তাই-ই দেখতে এসেছি এতদূর থেকে?
তবু আমার চিত্ত আকুল হয়।
নারিকেল গাছের ফাঁকে এক চিলতে চাঁদ যেমন
উঁকি মেরে চেয়ে থাকে তেমনি।
আমি সব বুঝেও অবুঝ হয়ে থাকি।
আমাদের প্রাত্যহিক ছন্দ খেই হারিয়ে ফেলে
কোথাও কেটে যায় সুর, আর
একজোড়া চোখ আমাকে
ভস্ম করে দিয়ে যায় সেই সন্ধ্যায়!
আমি ভস্ম হতে হতে ভেবে পাই না কেন
যা কিছু আমার তাকে কেড়ে নিতে হবে
কিংবা যা আমার ছিলই না কোনো কালে
তাকে ছেড়ে দিতে হবে!

তোমার দোটানা উদ্বিগ্ন মুখ দেখে বড় মায়া হলো তখন!