ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই তুমি প্রেম, তুমি প্রজ্ঞা তানিয়া বখ্শ

তুমি প্রেম, তুমি প্রজ্ঞা

অসমাপ্ত গল্পগুলো অনবরত জ্বলতে থাকে মাথার ভেতর
রাত্রিবেলা।
অন্ধকার নিশিযাপনে অভ্যস্ত মন, কখনো প্রত্যাশিত ভোরের জন্য ব্যাকুল হয়...। আর তখন, একটি আলোকিত মুখ রৌদ্রের দৃপ্ততা নিয়ে পাশে দাঁড়ায়, প্রশান্তি!

ভুল বানানে, অসম ছন্দে, পদ্য লিখি না কতকাল! বৈশাখী ঝড়ে বজ্রপাতের আকস্মিক আঘাতে চূর্ণ হয়েছি সেও বহুকাল। তবু সে আঘাতই, বারবার স্বপ্নের ভেতর ভালোবাসার হাত বাড়িয়ে দেয়। চোখের স্নিগ্ধতা দিয়ে, হৃদয়ের উষ্ণতা বিলিয়ে, সে আমায় আগলে ধরে পরম মমতায়। জ্ঞানী বৃক্ষের মতো সে আমায় সান্ত্বনা দেয়, তেজস্বী অগ্নির মতো সাহস জোগায়—আর জানায় প্রস্থান বলে কিছু নেই! জগদ্দল পাথর বুকে নিয়েও তাই মানুষ আশায় বাঁচে, ফিরে পাবার।

অনুরণিত স্বপ্ন ভেঙে যায়, চোখ মেলে দেখি শূন্যতা! পাঁজর ভাঙা কান্নায় ভোর আসে।
আর তখন নতুন সূর্যের উজ্জ্বলতায় তাকে দেখি। কোমল মুখ আর মিষ্টি হাসি। বুকে টানি।
বেঁচে থাকি আশায়, ভালোবাসায়।