ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই ঘাসফুল ইতিকথা তানিয়া বখ্শ

ঘাসফুল ইতিকথা

আমার ইচ্ছেরা যত্নে লালন করছিল
গোলাপী ঘাসফুল; সভ্যতা আমাকে
একা করে দিয়েছে। গঙ্গাফড়িং উড়ে
যায় মাঠে, আমি প্রকৃতিবিমুখ হয়ে
সেঁটে থাকি ঘরের ভেতর।
আমি মানে আমরা, নিপাট মানুষ।
বেঁচে থাকার আদিম সত্তা তাই
কৃত্রিম আলোতে বিদ্রূপ করে।

আজ কী সুন্দর আকাশ ভেঙে
জোছনা নেমেছে, অথচ
আমার চোখ চাঁদ দেখতে গিয়ে
চেয়ে থাকে ধাবমান যন্ত্রপাখির আলোয়...
ঘাসফুল, জোছনা ছেড়ে মন
উড়ে যেতে চায় আরো বেশি
কৃত্রিম পৃথিবীতে!