সমুত্থান
ঝরাপাতার ঋতু শেষ হয়ে এলো
নতুন বৈশাখে তাণ্ডব চাই।
ভুলে গিয়ে জড়াগ্রস্ত জীবনের কথা
(যেখানে মাথা নুয়ে কেঁদেছিলাম
বেতসলতার মতো, অনাবশ্যক আবেগে)
আবার লণ্ডভণ্ড করে দিতে চাই দশদিক!
ঈশানকোণে মেঘ দেখে আজও
উচ্ছ্বসিত হয়ে উঠি প্রদীপ্ত সুখে।
তবে কি পূর্বপুরুষের সংগ্রামরত রক্তপ্রবাহ
বয়ে চলেছি যুগের পর যুগ?
তবে কি এখনও প্রজ্জ্বলিত বিপ্লবের বহ্নিশিখা?
শোণিত আকাশ বজ্রের হুঙ্কারে
জানিয়ে দেবে সেই মন্ত্র!
তবে এসো আলিঙ্গন করি সেই তেজস্বী অগ্নিকে
পুড়িয়ে ফেলে রাজকীয় আলস্য
হয়ে উঠি একবিংশ শতকের নতুন মৌমাছি!