আবেগ
কিছুতেই কেন নির্লিপ্ত হতে পারি না?
আমাকে কাঁদায় মৃত প্রজাপতি কিংবা
ডানাভাঙা রুগ্ণ শালিক পাখিটাও।
তোমার চলে যাওয়া আমাকে বেদনার্ত করে
আজও এই আশ্বিনের ভেজা রাত্রিরে।
আমি কতবার প্রার্থনা করেছি
পাথরের কাছে পাথর হতে,
কতবার দানবের সঙ্গে করেছি সন্ধি
দানবীয় আক্রোশে ভেঙে দিতে সবকিছু!
তারপর ভেঙে ফেলা সেই পুতুলকে আবার
বুকে চেপে ধরে কেঁদে কেঁদে ক্লান্ত হয়েছি।
আমি ঈশ্বরীর মতো দৃপ্ত অহংকারে দাঁড়িয়ে
মানুষকে অভিশাপ দিয়েছি; আবার সেই
মানুষেরই কাছে নতজানু আমি
চোখের জলে করুণা ভিক্ষা চেয়েছি।
কিছুতেই কেন নির্লিপ্ত হতে পারি না?
আমাকে কাঁদায় মৃত নদী, বিরান বনভূমি
কিংবা কর্তিত পাহাড়ের জখমি শরীর।