ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই মনে পড়ে মেঘ, মায়াবী আবেগ তানিয়া বখ্শ

মনে পড়ে মেঘ, মায়াবী আবেগ

জানি
আজ আর কিছুই অবশিষ্ট নেই!
কদম ঝরে গেছে...
বিগত বর্ষার স্তবগুলো ভুল ছিল
আজ মনে হয়।
প্রকাশ্য প্রকৃতিতে কিংবদন্তির কথা
স্লেটরঙা মেঘ
চুরি করে পালিয়েছে ফের!
একদিন নরম পালকে মুখ গুঁজে
যে কিশোর বলেছিল ভালোবাসার আদ্যোপান্ত
তার মুখ ক্রমাগত ধুলো হয়ে যায়...
বালি হয়ে যায় স্বপ্নের সাদা ঘর।

শুধু কিছু স্মৃতি, ধুকে ধুকে বেঁচে থাকে
ছাইচাপা মনে...