ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই প্রতিদিন কোথাও যাবার কথা থাকে তানিয়া বখ্শ

প্রতিদিন কোথাও যাবার কথা থাকে

শেষ ডাকে চলে গেছে নাটাইয়ের সুতো
অরণ্যে রাত্রিযাপন কখনও করিনি আমি। তবু
সাগরে শয্যা পেতে গুনেছি তারা
ভাতঘুমে কোনো কোনো দুপুর দিব্যি কাটিয়ে দিয়ে
বিকেলে চুলবাঁধি গোধূলির ঘাটে।
মাঝে মাঝে ও পাড়ার কামিনীর ঘ্রাণ
বেড়াতে আসে আমার জানালায়। আমি
প্রাত্যহিক পাঠ ভুলে গিয়ে
জোছনার উঠোনে বেড়াই...
মিহি সুরে কেঁদে ওঠে যখন এ পাড়ার কোকিল
বুঝে নেই শেষ ট্রেন চলে গেছে এখন।

দীর্ঘশ্বাসে টেনে নেই বিশুদ্ধ বাতাস
কোথাও হলো না যাওয়া আজও।