ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই নিঃশব্দ দুপুরে নিঃসঙ্গ গাঙচিলের গান তানিয়া বখ্শ

নিঃশব্দ দুপুরে নিঃসঙ্গ গাঙচিলের গান

সূর্যটা পশ্চিমে হেলে পড়বার আগেই
আমাকে ঘুম থেকে জেগে উঠতে হবে
কেননা, প্রত্যাশিত সহজপাঠে
মনোনিবেশ করা হয়ে ওঠে না।
ঘরের কার্নিশে ঘর বানানোর
প্রাণান্তকর চেষ্টায় এবার বিরামচিহ্ন দিলাম
এবার উড়ে যাবো দিগন্তে—যেখানে মেঘ
তার স্বর্ণাভ আভায় সম্রাজ্ঞীর মতো
মাথা উঁচু করে সূর্যকে বিদায়
সম্ভাষণ জানায়। তাছাড়া তেজস্বী
রোদ্দুরে সমুদ্রের নোনাজলে কেমন
শান্ত গাম্ভীর্য ঝিকমিকিয়ে ওঠে—ভাবতেই
ভালো লাগে!
ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে নয় বরং
ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আমার একান্ত
ব্যক্তিগত কিছু তৈজসপত্র পুড়িয়ে ফেলে
পুনরায় নির্মিত হবো নৈঃশব্দ্যের অট্টালিকায়!