ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই বিবর্তন, মানুষ থেকে মেশিন তানিয়া বখ্শ

বিবর্তন, মানুষ থেকে মেশিন

অঅপহৃত হয়ে গেছে চকমকি পাথর
আগুন জ্বালাবার কেউ নেই আর
শীতার্ত শহর চেয়ে থাকে বুভুক্ষের মতো
রাংতা মোড়ানো আধুনিকতার দিকে।
ইদানীং দেবতারা দুষ্প্রাপ্য বেজায়
দুধকলা দিয়ে কালসাপ পোষাও তাই
হয়ে যায় ব্যয়বহুল!
আজকাল মানুষজমিনে কি আর মানুষ ফলে?
চুরি হয়ে গেছে কবেই যমুনা বিকেল
কোজাগরী পূর্ণিমা আর অশ্বত্থের বন!
আর আকাশ থেকে ঝরে পড়া নক্ষত্রের মতো
ঝরে পড়েছে ভোরের শিউলি
তার উচ্ছ্বাস, মমতা কিংবা বেদনা নিয়ে!

মানুষ এখন যন্ত্রের ভাষা বোঝে যত
পাখির ভাষা তত নয়!