আমি এবং আমি
সুর কেটে গেলে তালের প্রয়োজন ফুরিয়ে যায়
‘যায় বুঝি?’ অবাক চোখে চাইলো সে আমার দিকে।
আমি কী করে বলি, এক জীবনে কিছুই করতে পারিনি আমি!
তাল-লয়-ছন্দ সবই অধরা।
একটি সরোবর কিংবা নিদেন পক্ষে একটি ডোবাও
যদি পেতাম, পদ্ম ফোটাতাম অবিশ্রান্ত।
‘এটাও আরেকটি গাল-গল্প তাই না?’ এবার পরিহাস
কী করবো আমি, হাতের তালুতে একটিও রেখা নেই যে আমার,
কোন জাদুমন্ত্রে ফিরে পাবো ভাগ্য বিধাত্রীকে?
‘তুমি তো কথার জাদুকর!’ খিলখিল হাসিতে উদ্ভাসিত সে।
তবে হ্যাঁ, স্বপ্ন দেখতে জানি। স্বপ্ন দেখি একদিন আমার চুল স্পর্শ করবে
ভেজা তুলোর মতো সাদা মেঘ, আমার কপালে শোভা পাবে সাতটি সূর্য।
বজ্রের কাঠিন্য থাকবে আমার কণ্ঠে।
আমার পদভারে হলদেটে হয়ে যাবে ঘাসের সবুজ,
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাবো আমি
খুলে দেবো সমস্ত মুখোশ—শ্বাপদদের। তারপর...
সত্যিকারের মানুষদের নিয়ে শুরু হবে এক মাত্রার গল্প!
আমার ভেতরের আমিটা চলে যেতে উদ্যত তখন, যেতে যেতে
অস্ফুটে বলে গেল ‘অথচ তুমি ঘুমিয়ে এখনো!’