আমরা হেঁটেছিলাম বাতাসের বিপরীতে
আমরা হেঁটেছিলাম গন্তব্যহীন
আমাদের পায়ের নিচে সবুজ জমিন।
আমরা রাখিনি হাত পরস্পরায়
তবু আমরাই ছুঁয়ে দেখি যুগলভাবে—
স্বপ্নহীন জীবন যেখানে থেমে আছে অনেক কাল;
কবেকার স্মৃতিতে।
আমরা কথা বলি, কোনো কথাই হয় না তবু বলা।
চেয়ে দেখি স্বচ্ছ দিঘির টলমলে জলে
গলে পড়ে সূর্যের সোনালি রশ্মি।
তবু আমরা কিছুই দেখি না!
শুধু নীলসবুজ পাখিটা উড়ে গেল 'পর
দীর্ঘশ্বাস ফেলি আর
চোখের কোণে জমে ওঠা শিশিরবিন্দু ছুঁয়ে
দাঁড়িয়ে থাকি তেপান্তরের মাঠে
কি
ছু
ক্ষ
ণ
তারপর ফিরে আসি
‘যে জীবন শালিকের, দোয়েলের’ তাকে ফেলে
যে যার গন্তব্যে।
হয়ে উঠি আবার নাগরিক ভারাবাহী।