ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই আমার হাতেও তরবারি তানিয়া বখ্শ

আমার হাতেও তরবারি

খুব বেশি নিঃশব্দে তুমি চলে গিয়েছিলে
আবার এতটাই শব্দহীন ছিল তোমার ফিরে আসা যে
আমি তোমাকে দেখতেই পাইনি।
প্রথমত তোমাকে দেখিনি
দ্বিতীয়ত তুমি যখন আমায় ডাকলে...
তোমার কণ্ঠ আমার অচেনা লেগেছে।
আমি দৃষ্টিহীন কিংবা বধির হলেই ভালো হতো
তাহলে তোমাকে তুমি বলে চিনতে না পারার অপরাধবোধটুকু
ঢেকে রাখতে পারতাম আমার সহজাত ঔদার্য দিয়ে।
তুমি বদলে গেছো—এটাই একমাত্র সত্যি নাও হতে পারে
তুমি বদলে দিয়েছো আমায়—এটাই যথার্থ।
এখন আমি অনায়াসেই হাতে তুলে নিতে পারি তরবারি
কারো মাথা না কাটলেও, হৃদয় ছিঁড়ে দিতে পারি,
তোমার চাহনীর চেয়েও বেশি নির্দয়তায়।
এসো তবে যুদ্ধ করি!