জ্যোৎস্নার টেরাকোটা মোহন মরীচিকা তানিয়া বখ্শ

মোহন মরীচিকা

​একদিন দেবীর মতো অহংকারে
গ্রীবা উঁচিয়ে বসতাম—
সেদিন তুমি আমার পদচুম্বন করতে।
বনমালী, তোমার ফুলবনে যেদিন হাত
ধরে নিয়ে গেলে কবিতা লিখাতে
সেদিন কি ঘুণাক্ষরেও জানতাম,
সর্পিল আনন্দে মেতে ওঠাটাই
তোমার খেলা?
অতঃপর পুষ্পকানন উধাও হলো
বৈকালিক পায়ে হাঁটা গেল থেমে—
একশ থেকে বিশ কিলো দূরে থাকতেই।
বকুলের ফুল ক্রমে ফলে রূপান্তরিত
ফলও একদিন অন্তর্হিত।
মন থেকে দেহের দূরত্ব কতখানি
সে হিসেব করার আগেই দেখলাম
যোজন দূরে দাঁড়িয়ে আছো তুমি
মদির আহ্বানে—
আর সেই দেবী— তার বহুমূল্য রতন-খচিত
পোশাক জীর্ণ-নগ্ন পায়ে ছুটে যাচ্ছে...
তার পদতল রক্তাক্ত—তবু ছুটছে
আর তোমার ঠোঁটের ভাঁজে নিষ্ঠুর হাসির আভাস
আর তোমার চোখের তারায় মরণ আবাহন—
তোমাকে ছোঁয়া যায় না—তবু ছুটছে
তৃষ্ণার্ত নারী ছুটে যাচ্ছে
ছুটছে...
ছুটছে...
ছুটছে...

১৭ সেপ্টেম্বর, ২০০৬