ডানা নেই, তবু উড়ে যায় প্রাণ
আহা—বিনিসুতোর মালা গাঁথবো বলে
প্রতিটি ভোরকে আমি সাজিয়ে রেখেছি।
নরম পায়ে হেঁটে গিয়েছি
প্রতিটি শিউলির তলে।
তবু আমার কৈশোর—আমাকে বিদ্রূপ করে।
আমার শৈশব পুতুলের সংসার গোছাতেই
ব্যস্ত ছিল, কখন যে গোল্লাছুটের
সময় পেরিয়ে গেছে—টেরই পাইনি।
তুমুল বৈরথে ঝুলছে আমার পুতুল বেলা।
রিমিঝিমে বৃষ্টির কাছে সমর্পিত হতে হতে
তারুণ্যের উত্তাপ নিতে ভুলে গেছি
তবু—জোছনার চাদর, আদরে জড়িয়ে
স্নিগ্ধ করেছে—
প্রশান্তিতে অশান্ত হয়েছি—
একটি আস্ত সমুদ্র ধারণ করে আছে আমার তরুণ প্রাণ।
এখন পাহাড় ভালোবাসি।
আমার শৈশব, কৈশোর, তারুণ্য, আমার যৌবন,
সবকিছু নিয়ে নিরেট পাহাড়।
স্থির, অচঞ্চল, রহস্যময়।
আর আমি তার চূড়ায় উঠে
দু’হাত মেলে চিৎকার করে বলি
দেখো আমি মানুষ!
আমি উড়তে পারি না—
তবু হয়তোবা একদিন উড়ে যেতে হতে পারে
নিছক নৃশংস কোন বোমার স্প্রিন্টারে!