জ্যোৎস্নার টেরাকোটা বিনাশী প্রেম; বিন্যস্ত হই কদমের ঝড়ে তানিয়া বখ্শ

বিনাশী প্রেম; বিন্যস্ত হই কদমের ঝড়ে

​১.
আমি কলমটা চাইতেই
সে আমাকে থার্মোমিটার ধরিয়ে দিয়ে
বলল, জ্বরটা মেপে দেখো।
অথচ আমি জানি; সেও নিশ্চিত জানে
আমার হৃদপিণ্ড কতটা
শীতল হয়ে আছে!

​২.
ভালোবাসার আসলে কোন সীমারেখা
হয় না, কাঙ্ক্ষিত প্রেম ব্রজবালকের
মতই যখন তখন—
ধাবিত হতে পারে রাধিকা অভিমুখে...

​৩.
কাপালিকের প্রেমে, রুষ্ট শ্যামা
তুষ্ট হতে পারেন তবে সেজন্য
নিরীহ মেষ শাবকের রক্তপাত চাই!

​আর এভাবেই খণ্ডিত প্রেম
দন্ডিত হয়—তাপদাহে
জুড়ায় বিরহী প্রাণ—যখন
কদমের ডাল বেয়ে
ঝড় নেমে আসে।

১৫ মে, ২০০৭