জ্যোৎস্নার টেরাকোটা জাগতিক কোন একজন তানিয়া বখ্শ

জাগতিক কোন একজন

চেয়ে দেখো
এ মানুষটার ভেতরেও একটা ছোট জলাশয় আছে
সেখানেও প্রতিফলিত হয় চাঁদ
উপেক্ষা আর অবহেলার একটা খুব
সুন্দর নাম দিয়েছো তুমি—‘শ্রদ্ধা’।
আমার শ্রাদ্ধে ওটাই বুঝি তোমার অর্ঘ্য!

ঈশ্বরের কাছে অনেকদিন যাওয়া হয়নি আমার
এই উত্তর-তিরিশে বুঝে গেছি
ঈশ্বর কিছুই দিতে পারেন না;
মানে এইসব জাগতিক চাওয়া-পাওয়াগুলি
তিনি আসলে ... ঠিক ... বোঝেন না বোধ করি
আমিও এমনই ত্যাঁদড়
একা একা চড়ে বেড়াতে আর জাবর কাটতে
রাজি নই কোলমতেই!
কাটতে হয় তো— দংশন করবো
নীল বিষ ঢেলে দেবো বিষ দাঁত থেকে
শুধু শুধু কাটাকুটি খেলা—নহ্
ঈশ্বরের কাছে আমার কিচ্ছু চাইবার নেই।

তোমাকে মানুষ ভেবে— কাছে ছুটে গেলাম
তুমিও নিতান্ত ভালো মানুষের মত বললে
‘এসো জলকেলি করি—তবে শরীর ভেজাবো না’
কী অদ্ভুত কথা! মুহূর্তেই বুঝে নিলাম
তুমিও ঈশ্বর!
অথচ আমি মানুষ চেয়েছিলাম ...

১০ নভেম্বর ২০০৩