ধূসর পাণ্ডুলিপি; বিবর্ণ রাধা
বুকের ভিতর কষ্ট বাজে!
আমি তো এক নষ্ট মানুষ
আমার কি আর এসব সাজে?
আমার কি আর পূর্ণিমাতে
জল যমুনায় নাইতে যাবার
সময় আছে?
আমার কেবল বুকের ভিতর
গুমরে ওঠা ইচ্ছাগুলি
ইচ্ছে হলেই পিষে ফেলি।
বিবর্ণ এক পড়া পুঁথি
কিংবা ধূসর পাণ্ডুলিপির
মত করেই বেঁচে আছি।
কৃষ্ণ গেল মথুরাতে—নির্বিকারে
রাধাই শুধু একলা বসে কেঁদে মরে।
আমার তবু কেন এমন কৃষ্ণ-বিলাস
নীল বিরহে ভেসে আছি অনন্তকাল!
আমার কেন রাধা হতে ইচ্ছে জাগে?
আমি তো এক ভ্রষ্ট পথিক
আমার কি আর এসব সাজে?